ঢাকা | বঙ্গাব্দ

প্রায় ১০ ডলার থেকে ৩০ ডলারের কাছাকাছি, তিনগুণ দামে স্পট এলএনজি কিনছে সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
প্রায় ১০ ডলার থেকে ৩০ ডলারের কাছাকাছি, তিনগুণ দামে স্পট এলএনজি কিনছে সরকার ছবির ক্যাপশন: আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির মধ্যে উচ্চমূল্যে এলএনজি আমদানি
ad728

মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম দ্রুত বেড়ে যাওয়ায় বাংলাদেশকে এখন প্রতি এমএমবিটিইউ প্রায় ৩০ ডলার পর্যন্ত দামে স্পট এলএনজি কিনতে হচ্ছে। সংঘাতের আগে যে দাম প্রায় ১০ ডলারের কাছাকাছি ছিল, সর্বশেষ অনুমোদিত একটি কার্গোর দাম দাঁড়িয়েছে ২৯.৭৯৫ ডলার। অর্থাৎ আগের তুলনায় দাম প্রায় তিনগুণ। 


সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৪তম বৈঠকে অক্টোবরের জন্য ছয়টি এলএনজি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 


এর মধ্যে আগামী ২৭ থেকে ২৮ অক্টোবর সরবরাহের জন্য সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২৯.৭৯৫ ডলার দরে একটি কার্গো কেনা হবে। একই সঙ্গে ৯ থেকে ১০ অক্টোবর সরবরাহের জন্য যুক্তরাজ্যভিত্তিক টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২৮.৯৫ ডলার দরে আরেকটি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে। দুটি কার্গোই আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে কেনা হচ্ছে। 


একটি সাধারণ এলএনজি কার্গোতে প্রায় ৩.৩৬ মিলিয়ন এমএমবিটিইউ গ্যাস থাকে। সেই হিসাবে প্রায় ১২৩ টাকা ডলার ধরে টোটালএনার্জিসের কার্গোটির ব্যয় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা এবং ভিটলের কার্গোটির ব্যয় প্রায় ১ হাজার ২৩০ কোটি টাকা হতে পারে। 


তবে সরকারের অনুমোদিত সব এলএনজি কার্গোর দাম ৩০ ডলার নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক ড্যারাব ইনক থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতি এমএমবিটিইউ ১৭ ডলার দরে দুটি এবং মাইন্ড মিঙ্গেল এলএলসি থেকে ১৯ ডলার দরে আরও দুটি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে। 


আন্তর্জাতিক বাজারে দামের এই উল্লম্ফনের পেছনে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। সংঘাতের আগে স্পট এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ প্রায় ১০ ডলারের কাছাকাছি ছিল। ডিসেম্বর ২০২৫-এ বাংলাদেশ ১০.৫০ ডলারেরও কম দামে এলএনজি কিনেছিল। সর্বশেষ অনুমোদিত ২৯.৭৯৫ ডলারের দর সেই তুলনায় প্রায় তিনগুণ। 


দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলা এবং বিদ্যুৎকেন্দ্র, শিল্প ও অন্যান্য খাতে সরবরাহ বজায় রাখতে উচ্চমূল্যের স্পট মার্কেট থেকেও এলএনজি সংগ্রহ করতে হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে জ্বালানি আমদানি ব্যয় এবং সরকারের ভর্তুকির ওপর বাড়তি চাপ তৈরির আশঙ্কা রয়েছে। 


নিউজটি পোস্ট করেছেন : Admin

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন